রাশিয়া ইরানকে মার্কিন সেনাদের অবস্থান জানাচ্ছে: জেলেনস্কি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। সংঘাতের শুরু থেকেই বিভিন্ন মার্কিন ও ইউরোপীয় সূত্র রাশিয়াকে তেহরানকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ করে আসছে। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেই তালিকায় যোগ দিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন যে, রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা কোথায় অবস্থান করছে এবং কীভাবে চলাচল করছে তা শনাক্ত করে ইরানকে জানাচ্ছে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি করছে।
টেলিগ্রামে একটি পোস্টে জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতারসহ সাতটি স্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিটিও রয়েছে। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে, এই পদক্ষেপটি বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তিনি মস্কোর নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেছেন, যেখানে তিনি ইরানের আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে যুদ্ধ-পরীক্ষিত ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন। তিনি সৌদি আরব ও কাতারের সঙ্গে একটি ১০ বছর মেয়াদী নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই
