উত্তরের ৮টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

Untitled_design_26_1200x630

মোবাইল কোর্টে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত এক ট্যাঙ্কার চালকসহ তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮টি জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ট্যাঙ্কার ট্রাক শ্রমিক ইউনিয়ন। সংগঠনটি আজ রবিবার (২৯ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি পালন করছে। ফলে উত্তরের ৮টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
জ্বালানি তেল পরিবহনের সময় তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ফলে পার্বতীপুর রেলহেড তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহসহ সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পেট্রোল পাম্প মালিকরাও শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
শ্রমিকদের ভাষ্যমতে, জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাওয়ার সময় একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এটি ঠিক করার জন্য, তারা গাড়িটি থামিয়ে কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। সেই সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া রাস্তায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরিটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে দুটি জারে ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল উদ্ধার করেন।
পরে তিনি অবৈধভাবে তেল বহনের অভিযোগে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনজনের ওপর মোট এক লক্ষ টাকা জরিমানা আরোপ করেন। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। বিকেলে তাঁরা পার্বতীপুর রেলহেড তেল ডিপোর সামনে একটি সমাবেশ করেন এবং পরে একটি প্রতিবাদ মিছিল বের করেন।
শ্রমিকদের অভিযোগ, রাস্তা ও মহাসড়কে পুলিশের হয়রানি এবং ট্যাংকার চালক, ব্যবস্থাপক ও সহকারীদের অযৌক্তিক জেল ও জরিমানার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁরা নিয়াজ ভূঁইয়ার অবিলম্বে অপসারণ এবং দণ্ডিত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও তাঁরা ঘোষণা করেছেন।
এ প্রসঙ্গে রংপুর বিভাগীয় ট্যাংকার শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, কারাগারে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তি এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চলবে। এ প্রসঙ্গে রংপুর বিভাগীয় ট্যাংকার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, কারাগারে পাঠানো ও জরিমানা করা শ্রমিকদের মুক্তির দাবিতে ধর্মঘট চলছে। আমরা শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং ৪৮ ঘণ্টার মধ্যে এনডিসিকে অপসারণের আল্টিমেটাম দিয়েছি, আমাদের ধর্মঘট চলবে। পাম্প মালিকরাও আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

Description of image

সর্বশেষ সংবাদ