মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
নাটরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বানপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলাক্তি গ্রামের রুস্তম আলী মণ্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাত ৮টার দিকে বানপাড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী ‘যমুনা লাইন’ নামের একটি বাস এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায় এবং চালক মোটরসাইকেলসহ বাসটি প্রায় এক কিলোমিটার চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

