লক্ষ্মীপুরে বিএনপি অফিসের সামনে দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

Untitled_design_33_1200x630

আধিপত্য বিস্তারের জেরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও গোলাগুলি হয়। এতে আবদুর রহিম (৫৪) নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক (২০) নামে এক ব্যক্তি মারধরের শিকার হয়ে আহত হন। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজল রোডের প্রবেশপথে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপি অফিসের সামনে।
গুলিবিদ্ধ আবদুর রহিম শেখপুর গ্রামের শামসুল হকের ছেলে এবং পেশায় গাছ ব্যবসায়ী, এবং আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২৩ মার্চ) চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল একই ঘটনায় দুই পক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের রাকিব পাটোয়ারী এবং শেখপুর গ্রামের মিতুল নামের এক ব্যক্তি নেতৃত্ব দেন।
ঘটনা চলাকালে আবদুর রহিম নামের এক পথচারীর বাম পায়ে গুলি লাগে এবং মিতুলের সঙ্গী মানিককে শিকল দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ জানান, আবদুর রহিমের বাম পায়ে গুলির আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উভয় পক্ষ পালিয়ে যায়।

Description of image