কলম্বিয়ার সামরিক বিমান দুর্ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সীমান্তবর্তী আমাজন অঞ্চলে কলম্বিয়ার একটি সামরিক বিমান দুর্ঘটনায় মোট ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কলম্বিয়া সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্য গার্ডিয়ান এই খবরটি জানিয়েছে। বিমানটিতে ১২৫ জন আরোহী ছিলেন, যাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য।
এখন পর্যন্ত ৭৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এতে আগুনও ধরে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে একটি তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষে বলিভিয়ার জনবহুল শহর আল্টোতে দেশটির বিমানবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়েছিল। এতে ২০ জনেরও বেশি নিহত এবং ৩০ জন আহত হন।

