আজ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক
ঈদের ছুটির পর আজ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে, গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সংসদের জন্য এই কমিটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব বিশেষ কমিটিকে দেওয়া হয়েছে। কোন অধ্যাদেশগুলো বলবৎ থাকবে এবং কোনগুলো বাতিল করা হবে, তা খতিয়ে দেখা হবে। পর্যালোচনার পর কমিটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

