তারাবির সময় মাদ্রাসায় অগ্নিকাণ্ড, রক্ষা পেল শতাধিক মুসল্লি

Untitled_design_-_2026-03-10T125358.990_1200x630

লাকসাম সালেহিয়া আলিয়া দ্বিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশরি এলাকার মাদ্রাসায় তারাবিহ নামাজ চলছিল।
মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঘটনার সময় ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার পাশের একটি মসজিদে তারাবিহ নামাজ পড়ছিলেন। হঠাৎ এক ছাত্র মাদ্রাসায় আগুন দেখে চিৎকার করে ওঠে। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে নগদ টাকা ও আসবাবপত্রসহ মাদ্রাসার ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন যে, তাদের ঈদের জন্য কেনা নতুন পোশাক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, আগুনে নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মাদ্রাসার কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দুঃখজনক যে ঈদের জন্য কেনা নতুন পোশাক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

Description of image