মাদারীপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগ, ১ জন গ্রেপ্তার

Untitled_design_-_2026-03-10T115734.844_1200x630

প্রেমের প্রস্তাবে রাজৈরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৯ মার্চ) পুলিশ ঘটনার প্রধান অভিযুক্ত তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী ওই ছাত্রী রাজৈর উপজেলার একটি মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী। গোপালগঞ্জের পার্শ্ববর্তী মুকসুদপুরের ছাগলচিড়া গ্রামের তামিম মাতুব্বর নামে এক বখাটে তাকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তামিম ও তার সহযোগীরা গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রীটিকে জোর করে ইজিবাইকে তুলে নিয়ে যায়। এই সময় তারা একটি গরুর খামারের ভেতরে একটি পরিত্যক্ত ভবনে ছাত্রীকে নির্মম নির্যাতন করে এবং মাদ্রাসার সামনের রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায়, গত রবিবার (৮ মার্চ) রাতে রাজৈর থানায় ৩ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ধর্ষক এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। ছাত্রটি বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। যদিও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবুও ভয় ও আতঙ্ক কাটছে না। স্থানীয়রা এবং স্বজনরা দাবি করছেন যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের বিচার করা হোক যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য ঘটনার শিকার না হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ মামলার প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

Description of image