ফেব্রুয়ারি 27, 2026

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

Untitled_design_-_2026-02-26T114242.372_1200x630

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার বালিয়া গ্রামের নাসির হাওলাদার এবং একই এলাকার আইয়ুব আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার সাথে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের কথা কাটাকাটি হয়। এ নিয়ে বিকেলে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে একসাথে সুমাইয়াকে মারধর করে। এরই সূত্র ধরে রাতে নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের কারণে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Description of image