ফেব্রুয়ারি 27, 2026

রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

Untitled_design_-_2026-02-26T105944.817_1200x630

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি কর্মী মোহাম্মদ মুজিব (৫৬) কে গুলি করে হত্যা করেছে খুনিরা। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:১৫ টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের পর বাজারে মফিজের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন মুজিব। সেই সময় ৩-৪ জন সশস্ত্র যুবক তাকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত মুজিবকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, মুজিব বিএনপির কোনও কমিটির সদস্য না হলেও, তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতেন। তবে তিনি একজন সক্রিয় বিএনপি কর্মী। মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক এলাকার আব্দুল মোনাফের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনের পর রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীদের নিয়ে মধ্যস্থতা বৈঠককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image