আদালত কক্ষ ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাদণ্ড
বরিশাল অতিরিক্ত প্রধান মহানগর আদালতে অধিবেশন চলাকালীন বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে অতিরিক্ত প্রধান মহানগর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এসএম শরীয়তুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুুন উল ইসলাম বলেন, “তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।” এদিকে, বরিশাল সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তারের ঘটনায় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেছেন। যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, “যেখানে বিস্ফোরক মামলায় জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার থেকে আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তিনি বলেন, “আমরা অতিরিক্ত প্রধান মহানগর আদালতের বিচারকের অবিলম্বে অপসারণের দাবি জানাই।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ না তাকে অপসারণ করা হয়, ততক্ষণ তাদের বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।”

