ফেব্রুয়ারি 25, 2026

শরীয়তপুরে দুর্বৃত্তদের হাতে প্রধান শিক্ষকের হাত ও পা ভেঙে গেছে

Untitled_design_-_2026-02-25T100432.958_1200x630

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিজড়ি উপাসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন রতনকে মারধর করে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শিক্ষক শেখ নুরুল আমিন রতন ও তার পরিবারের অভিযোগ, এই ঘটনায় তার ডান হাত ও গোড়ালি ভেঙে গেছে।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের পূর্ব পাশে ‘টিনের দোকান’ এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, শেখ নুরুল আমিন রতন দীর্ঘদিন ধরে বাংলাদেশ শিক্ষক সমিতির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্র এবং আহত প্রধান শিক্ষক শেখ নুরুল আমিন রতন জানান, স্কুলের উন্নয়ন কাজ তদারকি করে অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান এবং ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদারের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল তাকে বাধা দেয়। এক পর্যায়ে স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে তর্কাতর্কি শুরু হলে তাকে লাঠি দিয়ে পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। নুরুল আমিন রতনের ছেলে হিমেল অভিযোগ করেছেন, “আমার বাবার উপর পরিকল্পিতভাবে হামলা ও মারধর করা হয়েছে। লাঠির আঘাতে তার হাত-পা ভেঙে গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
তবে অভিযুক্ত নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান এবং ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় তারা নড়িয়ায় ছিলেন না এবং তফসিল সংগ্রহের বাইরে ছিলেন।’ তারা আরও দাবি করেছেন যে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এদিকে, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তদন্ত করা হবে। আমাদের দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Description of image