ফেব্রুয়ারি 18, 2026

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত

Untitled_design_-_2026-02-18T101513.797_1200x630

শেরপুরের নকলায় সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া এক কৃষককে বাঁচাতে গিয়ে আরও দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং একই গ্রামের কুবেদ আলীর বড় ছেলে আঙ্গুর মিয়া (৫০)।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় সামিদুল ইসলাম (৬০) নামে আরেক কৃষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মালিহা নুজাত জানান, বিকেল ৫:৩০ টায় মিন্টু ও আঙ্গুর নামে দুইজনকে নকলা হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয় এবং সামিদুল ইসলাম নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম মিন্টু জানান, গতকাল দুপুরে কৃষক সামিদুল ইসলাম তার সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। প্রতিবেশী দুই কৃষক মিন্টু মিয়া এবং আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নকলা থানার কর্তব্যরত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, দুই কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, দুই কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় নকলা থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Description of image