জাতিসংঘ ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করলে পিএ কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছেন

Untitled_design_-_2025-11-18T171653.274_1200x630

ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির হুমকি দিয়েছেন যে, জাতিসংঘ যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য এগিয়ে যায় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের খুঁজে বের করে হত্যা করা হবে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) ওতজমা ইয়েহুদিত দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বেন-গাভির শীর্ষস্থানীয় পিএ কর্মকর্তাদের “সন্ত্রাসী” বলে উল্লেখ করেছেন।
বেন-গাভিরের হুমকির উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, “যদি তারা একটি ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত। কারণ তারা সব দিক থেকেই সন্ত্রাসী।”
এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয় বেন-গাভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ইসরায়েলি কর্মকর্তাদের এই ধরনের মন্তব্য একটি পদ্ধতিগত উস্কানি। মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের মন্তব্যের জন্য বেন-গাভিরকে জবাবদিহি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে যে, বেন-গাভিরের মন্তব্যের দায়িত্ব ইসরায়েলি সরকারকে নিতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল গাজা যুদ্ধ বন্ধে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

Description of image