সোনারগাঁয় বন্দুকসহ বিএনপি নেতা গ্রেফতার

Untitled design - 2025-06-23T165724.655

ঘুষ না পাওয়ায় সৌদি প্রবাসীকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক বিএনপি নেতাকে বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া। তিনি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

Description of image

রবিবার (২৩ জুন) রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় তার বাড়ির পাশে একটি পুকুর তৈরি করেন সৌদি প্রবাসী সোহরাব হোসেন। পরে তার কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া এবং তার লোকজন।

ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় রবিবার দুপুরে শাহজাহান ভূঁইয়া ও ফারজানা করিমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে।

এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া তাকে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেন। তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে অভিযুক্তরা তাকেও মারধর করে আহত করে। প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার বন্দুক নিয়ে তর্ক করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাটি তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, সশস্ত্র বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন যে, এই মুহূর্তে তার লাইসেন্সকৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হবে।