যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

Untitled design

চলমান রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ইরান-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে আসিয়ানের প্রতি আহ্বান জানান।

Description of image

বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএনএসসিএপি) সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। এটা বন্ধ করতে হবে। নারী, শিশুসহ সব বয়সী মানুষ এর শিকার হচ্ছে।

যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ইরান-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা যায়। বিশ্বনেতাদের উচিত যারা যুদ্ধের কারণে এখনো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথা ভাবা এবং যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া।

এর আগে বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডে পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার ও ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।

থাইল্যান্ডে পৌঁছে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দেশটির প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক বৈঠক করেন, এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন। সফরকালে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওয়ুহুয়া এবং রানী সুথিদা বজ্রসুধাবিমললক্ষণের রাজকীয় দর্শকদের সাথে থাকবেন।