বিচারের মুখোমুখি করতে বেনজিরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Untitled design - 2026-08-02T163243.423

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ। তিনি বলেন, বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কাগজপত্র বিনিময় করছে।
আজ রবিবার (২ আগস্ট) বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। শামা ওবাইদ বলেন, “সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে ইউএই সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। ইউএই কর্তৃপক্ষ আমাদের কাছে কিছু নির্দিষ্ট তথ্য ও নথি চেয়েছিল। দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের কাঙ্ক্ষিত তথ্য ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।”
প্রত্যাবাসন প্রক্রিয়া প্রসঙ্গে শামা ওবাইদ বলেন, “সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করছে। একই সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের সাথে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছে। তথ্য বিনিময় এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”
অভিযুক্ত সাবেক পুলিশ প্রধানের দেশে ফেরা নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করি, সকল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত বেনজির আহমেদকে খুব শীঘ্রই ঢাকায় ফিরিয়ে আনা সম্ভব হবে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং এ দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, এ ব্যাপারে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনার পর নেওয়া হবে।

Description of image