তিনজন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

Untitled design (62)

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতে তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন – গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্ড উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। তাদের মধ্যে আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনেই শারীরিক প্রতিবন্ধী। দুই হাত না থাকা সত্ত্বেও নীলা পা দিয়ে লিখে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করেছেন। তিনি রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।
একইভাবে, দুই হাত না থাকা আয়েশা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণকালে তিনি মুখে তা গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দৃষ্টিহীন মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় একীভূত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা।
নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
এদিকে, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল এই তিন প্রতিবন্ধীকে চাকরি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নিয়োগপত্রগুলো বিতরণ করার পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Description of image