মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ জন বাংলাদেশি সহ ১০৮ জন আটক

Untitled design (3)

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জোহর রাজ্যে একটি যৌথ অভিবাসনবিরোধী অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১০৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৩২ জন বাংলাদেশি।
আজ বুধবার (২২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস বলেন, সোমবার রাত ৮টার দিকে জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অভিবাসন আইন মেনে বিদেশিদের বসবাস ও কর্মসংস্থান নিশ্চিত করা এবং ভিজিট পাস, এমপ্লয়মেন্ট পাস ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত সুবিধার অপব্যবহার রোধ করা।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অবস্থানরতদের পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন নথি যাচাই করা হয়। এতে, বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগে ১৮ থেকে ৪৯ বছর বয়সী ১০৮ জন বিদেশিকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন ৩২ জন বাংলাদেশি, ২২ জন মিয়ানমারের নাগরিক, ১৬ জন পাকিস্তানি, ১৫ জন নেপালি, ১২ জন ইন্দোনেশীয়, চারজন ভারতীয় নাগরিক এবং তিনজন মিয়ানমারের নারী, দুজন ইন্দোনেশীয় নারী ও দুজন নেপালি নারী।
জোহর অভিবাসন বিভাগের পরিচালক জানান, অভিবাসন আইনের অধীনে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী তদন্ত ও আইনি কার্যক্রমের জন্য তাদেরকে সেটিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। তিনি অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

Description of image