স্পেনের বিশ্বকাপ উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন ২০২৬ ফিফা বিশ্বকাপ জিতেছে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর দলটির বাঁধনহীন আনন্দ এক মুহূর্তে বিষাদে পরিণত হয়। সোমবার ভোরে পশ্চিম স্পেনে একটি ফোয়ারা আংশিকভাবে ধসে পড়লে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়।
এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২,০০০ বাসিন্দার ঐতিহাসিক প্রাচীরঘেরা শহর সিউদাদ রদ্রিগোতে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দেশটির জরুরি পরিষেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয় উদযাপন করতে শহরের কেন্দ্রস্থলে আরবল গোর্দো ফোয়ারার চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছিল। ঠিক তখনই, স্মৃতিস্তম্ভটির উপরের অংশ ধসে পড়ে এবং নিচের মানুষের ওপর পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মধ্যরাতের কিছুক্ষণ পরেই ফোয়ারাটির উপরের অংশ হঠাৎ ধসে পড়ে এবং নিচের মানুষের ওপর পড়ে। ঘটনাস্থলেই ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। আরও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিউদাদ রদ্রিগো শহর এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, “আজ এই অকাল মৃত্যুতে পুরো শহর শোকাহত। আমরা মৃতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি… যা স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের উদযাপন হওয়ার কথা ছিল, তা এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।”

