সকল পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Untitled design - 2026-07-20T154658.070

বিচার ও দণ্ডপ্রাপ্ত সকল পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলাম। আজ সোমবার (২০ জুলাই) সকালে বিমসটেক নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেই নয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের দুই বছর পূর্তিতেও আমরা সেই শোক বয়ে বেড়াচ্ছি। কত রক্ত ঝরেছে, কত জীবন গেছে। আমাদের আশা, এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এই সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে ভারত এবার ইতিবাচক সাড়া দেবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের আগে ও পরে, ঢাকা হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে দিল্লিকে তিনটি চিঠি পাঠিয়েছিল। তবে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় আসাদুজ্জামান খান কামালের প্রত্যাবর্তনের দাবিতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি অনুলিপিও পাঠানো হয়েছে।

Description of image