প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে: আমিনুল হক

Untitled design - 2026-07-19T152901.658

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর উদ্যোগে, ক্যাম্পগুলোতে বসবাসকারী উর্দুভাষীদের নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দুটি গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি দুটি গভীর নলকূপের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এছাড়া, বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ বিতরণের একটি কর্মসূচিও চালু থাকবে।
তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতা বৃদ্ধিতেও উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন সেমিনারে আমিনুল হক তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) এলাকার উর্দুভাষী শিবিরগুলোর শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন এবং তাদের অধিকার নিয়ে কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। নতুন নলকূপ চালুর ফলে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাঁদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

Description of image