সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ২ জন নিখোঁজ

Untitled design - 2026-07-19T151409.942

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামের একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় ট্রলারটিতে থাকা ১০ জনের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন এখনও নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চটি কুমিল্লাগামী একটি নতুন ট্রলারের সঙ্গে ধাক্কা খায়। ফলে ট্রলারটি সঙ্গে সঙ্গে ডুবে যায়।
তিনি আরও জানান, ট্রলারটিতে মোট ১০ জন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে, এখনও দুজন নিখোঁজ রয়েছেন। দমকল বাহিনী জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারের জন্য সদরঘাট নদী দমকল কেন্দ্রের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

Description of image