এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

Untitled design - 2026-07-15T175707.294

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের অধীনে একই তারিখে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন।
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গে আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বিধি ৩০০-এর অধীনে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পাঁচটি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে, চট্টগ্রাম বোর্ডের বাইরে ঢাকাসহ দেশের কয়েকটি জেলার কিছু পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায় বিবেচনা করে মন্ত্রী বলেন, যারা চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ইতোমধ্যে স্থগিত করা সংশ্লিষ্ট বিষয়গুলিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তিনি উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে, এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলত্রুটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রী সংসদে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র তৈরির জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে, তিনি পরীক্ষার্থীদের আশ্বাস দেন যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে করা ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

Description of image