মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের তালিকা তৈরির কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

Untitled design - 2026-07-15T164045.561

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ফলে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরির মাধ্যমে তাঁদের যথাযথ সম্মান জানানো সম্ভব হবে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছিলেন। তবে দুঃখের বিষয়, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের শহীদদের একটি নিরপেক্ষ, নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দায়িত্বে যারা ছিলেন, তাঁরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।
তিনি আরও বলেন, শহীদদের তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত করা হয়েছিল। তবে এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছিল। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। বে টার্মিনাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে; এটি চালু হলে মাদার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এতে আমদানি-রপ্তানি আরও দ্রুত হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হলে অবশ্যই তদন্ত করা হবে এবং বিচার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করা হবে এবং একটি দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সরকারপ্রধান বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী গোল্ড কাপ টুর্নামেন্ট চালু করা হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে।

Description of image