দুই কোটি টাকা চাঁদা না পেয়ে অফিসে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট
চট্টগ্রাম: শহরের চকবাজার থানার চন্দনপুরা অ্যাক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর অফিসে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে আজ সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে। কোম্পানিটির হেড অফ সেলস মো. রাকিব বাংলানিউজকে বলেন, “দুই-তিন দিন আগে আমাদের মালিককে ফোন করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।
তবে, আমরা তখন বিষয়টিকে গুরুত্ব দিইনি। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ফোন আসায় এটিকে আসল হুমকি বলে মনে হয়নি। আজ হঠাৎ একদল লোক আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়।” তিনি আরও বলেন, “আজ আমাদের কোম্পানিতে বেতন দেওয়ার দিন ছিল।” অফিসটিতে প্রায় ৩৫ লাখ টাকা নগদ ছিল। হামলাকারীরা সেই টাকা নিয়ে পালিয়ে যায়। সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে প্রায় ৪০ জন মুখোশধারী ও সশস্ত্র ব্যক্তি হঠাৎ অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা মূল্যবান সরঞ্জাম ও আসবাবপত্র ধ্বংস করে এবং কর্মচারীদের ভয় দেখিয়ে চলে যায়।
খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি নূর হোসেন মামুন বাংলানিউজকে জানান, হামলায় কারা জড়িত ছিল তা তারা তদন্ত করছেন। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

