চুয়াডাঙ্গায় জমি বিবাদ নিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি বিবাদ নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তমালতলা গ্রামে। নিহত পালান উদ্দিন (৮০) গ্রামের মৃত ছাইরুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পালানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। আজ সকালে বিবাদমান জমি নিয়ে বিবাদকারীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরায়েল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

