মধ্যরাতে নড়াইলে বাড়ির ওপর ট্রাক উল্টে ১ জন নিহত

Untitled design (76)

গতকাল রবিবার (৫ জুলাই) নড়াইলের লোহাগাড়া উপজেলার নালদী এলাকায় মধ্যরাতে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর উল্টে পড়লে ঘরে ঘুমিয়ে থাকা শামীমা আক্তার সেতু (১৭) নামে এক ছাত্রী নিহত হয়েছে। নিহত সেতু লোহাগাড়া উপজেলার নালদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজর মোলিয়ার মেয়ে। সেতু নালদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় নিহত সেতুর ছোট বোন মিতু খানম (১৩) আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে সে নড়াইল শহর থেকে লোহাগাড়া উপজেলার মিঠাপুর হয়ে একই উপজেলার ব্রহ্মানডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। মধ্যরাতের দিকে ট্রাকটি নালদি এলাকায় ঢুকে ভুল পথে একটি সরু রাস্তায় ঢুকে পড়ে। কিছুদূর যাওয়ার পর ট্রাকটি উল্টে রাস্তার পাশে থাকা হাফিজার মোলিয়ার বাড়ির ওপর পড়ে। এ সময় ট্রাকের পাথরগুলো পড়ে একটি বাড়ি ঢেকে দেয়। ঘুমিয়ে থাকা সেতু ও মিতু তার নিচে চাপা পড়ে।
তারা আরও জানান, শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে মৃত সেতু এবং গুরুতর আহত মিতুকে উদ্ধার করেন। পরে মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।

Description of image