নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Untitled design - 2026-06-28T172221.652

নড়াইলের লোহাগাড়া উপজেলায় বাড়ির কাছের একটি পুকুরে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে নুসরাত (প্রায় ৪) নামের এক শিশু। দুর্ঘটনাটি ঘটে আজ রবিবার (২৮ জুন) সকালে উপজেলার নালদী ইউনিয়নের হলদহ গ্রামে। মৃত নুসরাত হলদহ গ্রামের স্কুল শিক্ষক শহিদুল ইসলাম (শহিদুল্লাহ)-এর মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নুসরাত সকালে তার বাড়ির উঠানে খেলছিল। তখন পরিবারের সদস্যরা বাড়িতে একটি নতুন ভবন নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে শিশুটি সবার অলক্ষ্যে বাড়ির কাছের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর নুসরাতকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ির কাছের একটি পুকুর থেকে ভাসতে ভাসতে উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করে নালদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নালদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বলেন, পরিবারের অসাবধানতার কারণে শিশুটি পুকুরে পড়ে যায়, যা একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

Description of image