মোটা দেখানোর জন্য নলের মাধ্যমে জল খাওয়াতে গিয়ে ছাগলের মৃত্যু, ২ জন গ্রেপ্তার

Untitled design - 2026-06-28T111450.249

নারায়ণগঞ্জের ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে প্লাস্টিকের নলের মাধ্যমে অতিরিক্ত জল খাওয়াতে গিয়ে একটি ছাগলের মৃত্যুর ঘটনায় পুলিশ এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানার লঙ্গলবন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন পশু ব্যবসায়ী সাহাবুদ্দিন (৫৬) এবং তার কর্মচারী হাসনাত (২০)। তারা বন্দর থানার লঙ্গলবন্দ পঞ্চ কামতাল গ্রামের বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ও তার কর্মচারী বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক পশুর হাটে বিক্রি করতেন। ক্রেতাদের কাছে ছাগলগুলোকে মোটা ও স্থূলকায় দেখানোর জন্য তারা ছাগলের গলায় একটি প্লাস্টিকের নল ঢুকিয়ে পাত্র থেকে জল খাওয়াতেন। এতে ছাগলটির পেট ফুলে যেত এবং তা আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হতো। তিনি এও স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছেন। ঘটনার দিন অতিরিক্ত পানি খাওয়ানোর কারণে একটি ছাগলের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লা সাপ্তাহিক পশুর হাটে শাহাবুদ্দিন ও তার কর্মচারী হাসনাত একটি ছাগলের গলায় নল ঢুকিয়ে পানি খাইয়ে তার পেট ফোলানোর চেষ্টা করে। এক পর্যায়ে ছাগলটি মারা যায়। ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। এরপর একটি পুলিশ দল অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

Description of image