রামগঞ্জে মেহেদী হত্যা মামলায় দ্বাদশ শ্রেণির ছাত্র গ্রেপ্তার

Untitled design - 2026-06-25T172109.064

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্রী মেহেদী হাসান হত্যা মামলায় অভিযুক্ত আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমী এই আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার রাতে ঢাকা মহানগরের মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানটির নেতৃত্বে ছিলেন এসআই মো. সোলেমান ও এএসআই (আনআর্মড) মো. মহিউদ্দিন। গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধার গ্রামের বাসিন্দা এবং দ্বাদশ শ্রেণির ছাত্র।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হস্তান্তর করা হবে। মামলায় পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির ছাত্রী মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পিঠ ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। ওই দিন ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিষ্ঠানটির প্রধান ফটক ও কয়েকটি কক্ষ ভাঙচুর করে। নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে।
গত বৃহস্পতিবার নিহতের বাবা জিয়া উদ্দিন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও ৭ জন ছাত্রকে নাম দিয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে আরও ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ, একটি আইফোন চুরির ঘটনায় অভিযুক্ত ছাত্রদের মারধরের শিকার হয়ে মেহেদীর মৃত্যু হয়।

Description of image