সালথায় রাস্তা থেকে হাত-পা বিচ্ছিন্ন এক যুবকের লাশ উদ্ধার

Untitled design - 2026-06-25T163408.136

ফরিদপুর উপজেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের একটি রাস্তা থেকে পুলিশ পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২) নামে এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্নসহ লাশ উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত পান্নু সালথার কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পান্নু ফকির বুধবার (২৪ জুন) রাতে একটি জমি সংক্রান্ত বিবাদে অংশ নিয়েছিলেন।
বিবাদের পর বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীরা তাকে আক্রমণ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে রাস্তার পাশের একটি পাটক্ষেতে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে, ঘটনাটি অন্য দিকে মোড় ঘোরানোর জন্য হত্যাকারীরা লাশটি রাস্তায় ফেলে রেখে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, হাত-পা কাটা অবস্থায় এক যুবকের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি রাস্তায় ফেলে রাখা হয়েছিল। নিহত যুবক বুধবার রাতে একটি জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে বাড়ি ফিরছিলেন। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের জমি সংক্রান্ত বিবাদটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আসল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

Description of image