সিলেট সীমান্ত থেকে বাংলাদেশি ব্যক্তির মরদেহ উদ্ধার

Untitled design - 2026-06-25T132536.857

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে মিক কান্দা দানি (৬০) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় সীমান্তের ১০০ গজ ভেতরে নদীর পানিতে একটি পাথরের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মিক কান্দা দানি কোম্পানীগঞ্জ উপজেলার দামদামিয়া সীমান্ত সংলগ্ন তুরং গ্রামের মৃত সোকরিয়া কান্দা দানির ছেলে। স্থানীয়রা জানান, সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বসবাস করায় তিনি প্রায়ই জ্বালানি কাঠ সংগ্রহ করতে সীমান্তের ওপারে যেতেন। তিনি খাসিয়া বাগানে শ্রমিক হিসেবেও কাজ করতেন। তারা আরও জানান, তিনি প্রায়ই নেশাগ্রস্ত থাকতেন।
তিনি গতকাল সকাল ১১টার দিকে জ্বালানি কাঠ ও কাঁঠাল সংগ্রহ করতে ভারতে প্রবেশ করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে ১২৬০ নম্বর পিলারের সংলগ্ন পাহাড়ি তুরং ছড়া নদীর পানির ফাঁক থেকে তার মরদেহ উদ্ধার হয়। সে সময় তার মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে আত্মীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, তার বাড়ি সীমান্তের বাংলাদেশ অংশের কাছে। তিনি প্রায়ই ওপারে বাগানে কাজ করতে যেতেন। সীমান্তের ভেতরে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরে আত্মীয়রা তাকে নিয়ে আসেন। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কোম্পানিগঞ্জ থানা ঘটনাস্থলে গেছে। কোম্পানিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে তথ্য পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Description of image