নারায়ণগঞ্জে ১৭ জন আওয়ামী লীগ নেতা ও কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার দুপুর ১২টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জেলার সাতটি থানা থেকে ১৭ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যানারে অনুষ্ঠিত ঝাটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সাহায্যে জড়িতদের শনাক্ত করা হয়। পরে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের প্রবেশপথসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে, শহরের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, সৈয়দপুর, সোনারগাঁও ও কাঁচপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করেছে। এর পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। এদিকে, মঙ্গলবার সকাল থেকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংগঠনটির কোনো সদস্যের উপস্থিতি দেখা যায়নি।

