খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Untitled design - 2026-06-24T131643.685

রাজধানীর ফকিরাপুল এলাকায় খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আট দিন পর তার উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।
গত সোমবার (২২ জুন) রাত প্রায় ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসিএইচ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাওনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আনিফ জানান, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে তারা দুটি মোটরসাইকেলে করে ওয়ারীর উদ্দেশ্যে রওনা হন। ফকিরাপুল পানির ট্যাংকে পৌঁছালে শাহজাহান নামের এক পথচারী হঠাৎ মোটরসাইকেলটির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তার শাওনকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনিফ আরও জানান, শাওনের ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। এর জন্য সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং সংশ্লিষ্ট খরচও পরিশোধ করা হয়েছিল। কিন্তু এই আকস্মিক দুর্ঘটনায় এক মুহূর্তে তার সব স্বপ্ন শেষ হয়ে গেল। নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়ার আনসার আলী রোড এলাকায়। তিনি লুৎফুর রহমান ও সুলতানা আক্তারের একমাত্র সন্তান। বর্তমানে তিনি রাজধানীর হাতিরঝিল থানার মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ছেলের মরদেহের পাশে অশ্রুসিক্ত কণ্ঠে শাওনের মা সুলতানা আক্তার বলেন, “কিছুক্ষণ আগেই আমি নিজের হাতে আমার ছেলেকে ভাত খাইয়েছি। আর মাত্র আট দিন পরেই ওর বিদেশে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু আজ ও আমাদের ছেড়ে চলে গেল। আমি কোনোভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছি না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) মোহাম্মদ ফারুক একজন চিকিৎসকের বরাত দিয়ে শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তিনি আরও বলেন, জরুরি বিভাগের চিকিৎসকের মতে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় ও বাম চোখে গুরুতর আঘাতের কারণে শাওনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত পথচারী শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক।

Description of image