হামের প্রাদুর্ভাব: জরুরি সরকারি পদক্ষেপে জামায়াতের ৪টি দাবি

Untitled design - 2026-05-19T163344.708

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের কারণে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ও মৃত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে, দলটি পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সআজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব ও সাবেক সাংসদ মিয়া গোলাম পারওয়ার এই আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পারওয়ার বলেন, দেশে হামের সংক্রমণ হঠাৎ করেই এক ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৫০ ছাড়িয়ে গেছে, যা একটি স্বাধীন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক ও চরম দুশ্চিন্তার বিষয়।
তিনি অভিযোগ করেন যে, সময়োপযোগী ও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে পরিস্থিতি আজ এই পর্যায়ে পৌঁছেছে। এমনকি এই চরম জনস্বাস্থ্য সংকটের মুহূর্তেও প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা দেখা যাচ্ছে না।
রোগ ছড়ানোর উৎস শনাক্তকরণ, আক্রান্তদের পৃথকীকরণ নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা প্রদানে এক ধরনের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশের জনগণকে, বিশেষ করে শিশুদের, রক্ষা করার জন্য জামায়াতের মহাসচিব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, শতভাগ হামের টিকাদান নিশ্চিত করতে দেশের প্রতিটি অঞ্চলে অবিলম্বে একটি বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করতে হবে।
আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন করতে হবে এবং জরুরি ঔষধপত্র ও পুষ্টি সহায়তা সরবরাহের ব্যবস্থা করতে হবে। দেশের সকল সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী নিশ্চিত করতে হবে। রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার চালানো উচিত।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে নিজ নিজ এলাকায় হামে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এ সময় মিয়া গোলাম পারওয়ার এই মহামারীতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Description of image