স্ত্রী ও কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত
ফিলিস্তিনি কর্তৃপক্ষ গতকাল শনিবার (১৬ মে) জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ তার স্ত্রী ও কন্যাসহ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল জানিয়েছে, গত শুক্রবার গাজা শহরে একটি লক্ষ্যবস্তুভিত্তিক হামলায় ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নিহত হন।
পরে হামাস এক বিবৃতিতে তাদের সামরিক প্রধানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, ১৯৭০ সালে জন্ম নেওয়া হাদ্দাদ তার স্ত্রী ও কন্যাসহ নিহত হয়েছেন। বিবৃতিতে তাকে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়। গতকাল মধ্য গাজার আল-আকসা শহীদ মসজিদে হাদ্দাদ, তার স্ত্রী এবং তাদের ১৯ বছর বয়সী কন্যার জন্য একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বারবার গাজায় হামলা চালিয়েছে।
ইসরায়েল গত শুক্রবার গাজায় অন্তত দুটি হামলা চালায়, এতে তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হন। গতকাল দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত তিনজন নিহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি গাড়ি হামলায় দুজন নিহত হয়েছেন এবং দেশটির উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে আরও একজন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স
