কুমিল্লায় বিকল ট্রাককে বাসের ধাক্কা, নিহত ১
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে একটি যাত্রীবাহী বাসের এক যাত্রী নিহত হয়েছেন। বাসের আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কটিতে মনোহরগঞ্জ উপজেলার বিপুলেশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল (৬০)।
লালমাই হাইওয়ে ক্রসিং থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী দ্রতগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপুলেশ্বর এলাকায় সড়কের ওপর থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোস্তফা কামাল মারা যান। এই সময়ে আরও ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।

