জমি বিরোধ জেরে কলেজ ছাত্রের মৃত্যু

Untitled_design_12_1200x630

বরিশাল: জেলার বাকেরগঞ্জে জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এক কলেজ ছাত্র মারা গেছেন। নিহত সাইদুল ইসলাম সজীব (২৫) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা এবং সরকারি বরিশাল কলেজের স্নাতকোত্তর ছাত্র ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার কেএম সোহেল রানা আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভোর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, গত শনিবার সকালে তারা নিজেদের জমিতে নির্মাণ কাজ শুরু করলে একই এলাকার প্রতিপক্ষরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ করা হয়, ধারালো অস্ত্র ও লাঠি হাতে ৮-১০ জন ভাড়াটে হামলাকারী তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়।
হামলায় সজীব গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় সজীবের বাবা আবুল হোসেন খান, মা পিয়ারা বেগমসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর নিহতের বাবা ৮ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষই পৃথক মামলা দায়ের করেছে। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Description of image