বিশ্বকাপের ‘আকাশচুম্বী’ টিকিটের দাম নিয়ে ফিফার বিরুদ্ধে মামলা
বিশ্বকাপ কি ধনীদের বিলাসিতা? ২০২৬ বিশ্বকাপের টিকিটের ‘আকাশচুম্বী’ দাম নিয়ে ফিফার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) আনুষ্ঠানিক অভিযোগটি দায়ের করা হয়।
কাতার বিশ্বকাপের তুলনায় চূড়ান্ত টিকিটের দাম ৭ গুণেরও বেশি বেড়েছে। ইউরোপীয় সমর্থকদের জোট এফএসই-এর অভিযোগ, ফিফা তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করছে। পুনঃবিক্রয় বাজারে একটি টিকিটের দাম ১ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে! এমনকি সাধারণ গ্যালারির টিকিটও পাওয়া যাচ্ছে না। ক্ষুব্ধ সমর্থকরা একে ‘অযৌক্তিক ও অস্বচ্ছ’ বলে অভিহিত করছেন।
ফিফার যুক্তি ‘ডাইনামিক প্রাইসিং’, কিন্তু সমর্থকদের দাবি, টিকিট বিক্রির নামে পকেট কাটার উৎসব চলছে। ফলে, মেক্সিকো-আমেরিকা-কানাডায় খেলা শুরু হওয়ার আগেই ফিফা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। উল্লেখ্য যে, এ বছরের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে। এই প্রথমবার টুর্নামেন্টটিতে (মূল পর্বে) ৪৮টি দল অংশগ্রহণ করবে।

