নাটোরে ট্রাক দুর্ঘটনায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত

Untitled_design_-_2026-03-24T221746.097_1200x630

নাটোরের লালপুরে ট্রাক দুর্ঘটনায় ইজি বাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে। নিহতরা হলেন একই উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ছোটা বড়কায়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)।
লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, সকালে লালপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে নবীনগর এলাকায় একটি ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজি বাইকের যাত্রী জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও ৬ জন আহত হন। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
পরে, মনিরুল ও বাবুল নামে আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহত বাকি ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত যানবাহনটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Description of image