খামেনীর মৃত্যুতে জামায়াতের আমীরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর শাহাদাতের খবরে শোক প্রকাশ করেছেন। আজ রবিবার (১ মার্চ) সকালে তিনি তার যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে শোক প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, “শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি দান করুন।”
ডাঃ শফিকুর রহমান বলেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতা ইতিমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। যদি এই পরিস্থিতি আরও সামরিক উত্তেজনায় রূপ নেয়, তাহলে এটি কেবল একটি দেশের জন্য নয় বরং সমগ্র অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো আক্রমণ বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ তৈরি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে।”
তিনি বলেন, “আমি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার, সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি প্রয়োজন। জাতিসংঘ এবং বিশ্ব নেতাদের এখন বিশ্ব শান্তি বজায় রাখার জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে।

