ফেব্রুয়ারি 3, 2026

সংসদে ইসলামী আন্দোলনের প্রার্থী মানেই সোনার দেশ: পীর সাহেব চরমোনাই

Untitled_design_-_2026-02-03T172401.600_1200x630

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা যদি সংসদে প্রবেশ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। যারা ইসলামের সাথে যুক্ত থাকবে তারা দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পাবে।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের বালুর ময়দানে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
কুমিল্লা-২ আসনের জন্য ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে চরমোনাই পীর বলেন, “ইসলামের জন্য এই ভালো ব্যক্তিকে ভোট দিতে পারলে আল্লাহ আপনার মুখে হাসি ফুটিয়ে দেবেন – এতে কোন সন্দেহ নেই।” তিনি আরও বলেন, গত ৫৪ বছরে আমরা অনেক নেতার শাসন ও নীতি দেখেছি। দেশ পরিচালনা করে তারা কী দিয়েছে তা জনগণ জানে। একবার নয়, বারবার তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এখন তারা আবার ক্ষমতায় আসতে চায়। যারা বোকার স্বর্গে বাস করছেন, তাদের উদ্দেশ্যে বলব – চিন্তাভাবনার পরিবর্তন না হলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন না। সংসদ প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলনের তিতাস উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ডাঃ আব্দুল হান্নান প্রমুখ।

Description of image