মধ্যরাতে হাটহাজারীতে জাপা নেতা আনিসুলের বাড়িতে আগুন

Untitled_design_-_2025-12-20T124041.995_1200x630

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একটি অংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আনিসুল ইসলাম মাহমুদ বা তার পরিবারের সদস্যরা সেই সময় সেখানে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং পায়ে হেঁটে কিছু লোক প্রাক্তন মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণের জন্য আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির জরুরি প্রেসিডিয়াম বোর্ডের সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Description of image