মেট্রোরেল দুর্ঘটনায় মৃতের পরিবার পাবে ৫ লক্ষ টাকা, তদন্ত কমিটি গঠন

Untitled design - 2025-10-26T165706.382

সড়ক ও রেলপথ উপদেষ্টা ফওজুল কবির খান বলেন, “মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে ফেলার ফলে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও, তার পরিবারে যদি কোনও কর্মজীবী ব্যক্তি থাকে, তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।” আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
সড়ক ও রেলপথ উপদেষ্টা বলেন, “মৃতের পরিবারের সকল দায়িত্ব মেট্রোরেল নেবে। প্রাথমিকভাবে, মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরবর্তীতে, মৃতের পরিবারে যদি কোনও কর্মজীবী সদস্য থাকে, তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আমি আহতদের সাথে একটু পরে হাসপাতালে দেখা করব এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, ‘সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।’
উল্লেখ্য, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাতি গ্রামে।

Description of image