সেপ্টেম্বর 24, 2026

নড়াইলের জমি বিরোধে বাবা-ছেলের মৃত্যু, ১ জন গ্রেফতার

Untitled design - 2025-07-16T175019.035

নড়াইলের লোহাগড়ায় জমি বিরোধের জের ধরে সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছেলে নাহিদ শেখ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের নামে এক প্রতিপক্ষ আহত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাস্থল থেকে কবির শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সয়ো সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে এবং নাহিদ শেখ তার ছোট ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখ ওরফে মান্দারের সাথে জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। একাধিক সালিশ বৈঠকের পরেও মামলার নিষ্পত্তি হয়নি। মামলার রায় জাহাঙ্গীরের পক্ষে হলেও, প্রতিপক্ষ আবার আদালতের দ্বারস্থ হয়। ঘটনার দিন সকালে জাহাঙ্গীর তার ছেলে নাহিদের সাথে বিরোধপূর্ণ জমি চাষ করতে যান। সেখানে কাউসার ও তার লোকজনের সাথে তর্ক-বিতর্কের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। আহত নাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলেও বিকেল ৪টার দিকে পথেই তার মৃত্যু হয়। অপর আহত আব্দুল কাদেরকে খুলনায় পাঠানো হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সংবাদকে বলেন, “জমি বিরোধের জের ধরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”

Description of image