এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক

Untitled design - 2025-06-29T180429.854

মুন্সিগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা অস্ত্রসহ সাব্বির হোসেন দিপু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Description of image

আজ (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত দিপু টঙ্গীবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে জানা গেছে, সে বর্তমানে নারায়ণগঞ্জের ফুটুল্লা এলাকার বাসিন্দা।

মো. আবু বক্কর সিদ্দিক জানান, পরীক্ষার শেষ পর্যায়ে বিকেলে রামপাল কলেজের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারের সাথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা দিপুসহ দুইজন গাড়ি থেকে নেমে অটোরিকশা চালকের সাথে তর্কাতর্কি শুরু করে।

এক পর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দিপুকে গ্রেপ্তার করতে গেলে অভিযুক্ত দিপু অস্ত্র বের করে গুলি চালায়। এ সময় পুলিশ এবং উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।