রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উদ্যোগ নিতে আইওএমকে আহ্বান প্রধানমন্ত্রীর

Untitled design (1)

রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Description of image

মঙ্গলবার সকালে তার বাসভবন গণভবনে আইওএম মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় আইওএম মহাপরিচালক অ্যামি পোপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড়। মিয়ানমারে দ্বন্দ্ব চলছে, শিবিরের ভেতরে নানা উপদল, গ্রুপিং, তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এ কারণে তাদের মধ্যে নানা দ্বন্দ্ব-সংঘাত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ভাসানচরে উন্নত আবাসনের ব্যবস্থার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা ভাসানচরে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবকাঠামো তৈরি করেছি। সেখানে চিকিৎসা, সন্তানদের লেখাপড়া ও চাকরির ব্যবস্থাও করা হয়। সেখানে আরও মানুষের থাকার জায়গা রয়েছে।

আইওএম মহাপরিচালক অ্যামি পোপ অভিবাসী কর্মীদের তাদের দক্ষতা বিকাশ, ভাষা ও সংস্কৃতি শেখার এবং আয়োজক দেশের চাহিদা অনুযায়ী তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।