উৎসবমুখর পরিবেশে সম্পন্ন পিএইচপি ফুটবল টুর্নামেন্ট
ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পিএইচপি ফ্যামিলি আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬। পিএইচপি ফ্যামিলির সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সমপ্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্য এবং ব্যস্ততম জীবনে একটু বিনোদনের অংশ হিসেবে গতকাল শনিবার (১৮ জুলাই) ‘অক্সিজেন স্পোর্টস জোন’ এ আয়োজিত এ টুর্নামেন্টে পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের খেলোয়াড়দেও নিয়ে গড়া ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স , পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস ও আইরন টাইটানস। দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে পিএইচপি ডিরেক্টর নুভেদ ইকবাল এর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইরন টাইটানস।


টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেন আইরন টাইটানস এর মঈন এবং সেরা খেলোয়াড় এর পুরস্কার লাভ করেন একই দলের ইরাম। এ ছাড়াও পিএইচপি ডিরেক্টর তারজিয়া আনোয়ার এর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এরাবিয়ান ওয়ারিয়র্স পায় ফেয়ার প্লে ট্রফি। খেলা শেষে পিএইচপি ফ্যামিলির স্পোর্টস অ্যাডভাইজার সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার পারভেজ (হিরো)। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা পিএইচপি ডিরেক্টর নুভেদ ইকবাল, ডিরেক্টর ভিক্টর মহসিন, পরিচালক তারজিয়া আনোয়ার প্রমুখ। এর আগে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ও পরিচালক তাহমিনা মিজান।

পিএইচপি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে গতকাল ‘অক্সিজেন স্পোর্টস জোন’ পিএইচপি ফ্যামিলির পরিচালনা পর্ষদ, পিএইচপি ফ্যামিলির সদস্য এবং তাদের পরিবারবর্গের মিলনমেলায় পরিণত হয়। উদ্যোক্তারা আগামীতে পিএইচপি ফ্যামিলির সদস্যদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার লক্ষ্যে নিয়মিত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধূলা আয়োজনের ঘোষণা দেন।
