প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান

Untitled design - 2026-07-16T164702.262

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই) বন্যা দুর্গতদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক গতকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুদান গ্রহণ করে প্রধানমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দুর্যোগ ও সংকটকালে ব্যবসায়ী সম্প্রদায়ের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চলমান কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, সরকার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।
চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, “দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বন্যাদুর্গতদের সাহায্য করার ক্ষেত্রে সংগঠনটির এই সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।”

Description of image